ফেডারেশন কাপে আবাহনীর রেকর্ড ট্রফি

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ০০:৪০

ফেডারেশন কাপ ফুটবলে ট্রফি জয়ের রেকর্ড করেছে আবাহনী। এবার নিয়ে দ্বিতীয়বার এ টুর্নামেন্টে হ্যাটট্টিক চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। গতকাল রাতে ফেডারেশন কাপ ফুটবলের ত্রিশতম আসরে ৩-১ গোলে নবাগত বসুন্ধরা কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আবাহনী।

দেশের ঘরোয়া ফুটবলে ফেডারেশন কাপের টুর্নামেন্টে আবাহনী-ই একমাত্র দল যারা ১১ বার ট্রফি ঘরে তোলার কৃতিত্ব দেখাল। এবার নিয়ে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে খেলেছে ১৮টি আসরে। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টানটান উত্তেজনাপূর্ণ লড়াই হয়েছে। মারামারি হয়েছে। লালকার্ড হয়েছে। দুই দলের খেলোয়াড়দের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। শেষ পর্যন্ত ট্রফি জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরেছে আবাহনী। ফুটবল অঙ্গনে পা রেখেই বসুন্ধরা ট্রফি জয়ের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত খুশি থাকতে হয়েছে রানার্সআপ হিসেবে। বড় বাজেটের দল গড়েছিল বসুন্ধারা। রাশিয়া বিশ্বকাপ ফুটবল খেলা কোস্টারিকার খেলোয়াড় ছিল বসুন্ধারায়। এর আগে ১৯৮৭ সালে মেক্সিকো বিশ্বকাপ ফুটবলে খেলা ইরাকি ফুটবলার এনে ছিল আবাহনী। এনেছিল সামির শাকির এবং করিম মেহাম্মদকে কিন্তু তারাও সেবার আবাহনীকে প্রথম বিভাগ ফুটবল লিগের ট্রফি দিতে পারেনি। সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। ঘটনাবহুল সেই লড়াইয়েও মারামারি হয়েছিল।

আবাহনীর রেকর্ডের দিন আরো একটি উপহার পেয়েছে নীল হলুদ শিবির। ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় আগামী এএফসি কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। এত প্রাপ্তির দিনটা আবাহনীর জন্য অনেক বেশি স্মরণীয়। আবাহনীর কোচ জাকারিয়া বাবু তারকা কোচ নন। শিরোপা জেতার পর তিনিও হয়ে গেলেন তারকা কোচ। সফল কোচ। আবাহনীকে সাফল্য এনে দিয়েছেন। এর আগেও এই কোচ বিজেএমসির দায়িত্ব পালন করার সময় দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু শিরোপা ছুঁয়ে দেখা হয়নি সেবার। এবার শিরোপা জয়ের পর আবেগে জল ঝরেছে তার চোখ থেকে। খেলার তৃতীয় গোলটা যখন হয় তখনই নিশ্চত হয়ে যায় আবাহনীর শিরোপা। কোচ জাকারিয়া বাবুও যেন মুহূর্তে অশ্রুসিক্ত হলেন। রেফারির শেষ বাঁশির পর মাঠেই কাঁদছিলেন কোচ জাকারিয়া বাবু। চোখ মুছে বললেন, আমি জানি না কেন কাঁদছি। এই কান্না আনন্দের।