ঈদে বাড়ি ফেরা :এবার ভোগান্তি বাড়ার শঙ্কা

আপডেট : ২১ জুন ২০১৭, ০০:২৯

ঈদের বাকি এখনো ছয়-সাত দিন। কিন্তু এরই মধ্যে সড়ক-মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। অথচ বাড়ি ফিরতে মানুষের যাত্রা সে অর্থে শুরুই হয়নি। অনুমান করা হচ্ছে বৃহস্পতিবার অফিস করে চাকরিজীবীদের একটি বড় অংশ বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। অর্থাত্ সড়ক-মহাসড়কে যানবাহনের আসল চাপটা শুরু হবে ওই দিনই। এর সঙ্গে যোগ হচ্ছে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে মহাসড়কে সৃষ্ট খানাখন্দ, বিভিন্ন মহাসড়কের কিছু কিছু পয়েন্টে অব্যবস্থপনা ও ফের ভারী বৃষ্টির সম্ভাবনা- যা মহাসড়কে যানজটকে অসহনীয় করে তুলতে পারে।

এসব পেক্ষাপটে এবার ঈদে মহাসড়কের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে খোদ মহাসড়কে দায়িত্ব পালনকারী হাইওয়ে পুলিশের কর্মকর্তারা শঙ্কা প্রকাশ করেছেন। সড়ক পরিবহন মালিক সমিতির নেতারাও এবার মহাসড়কে তীব্র যানজটের আশঙ্কা করছেন।

এদিকে যানজট এড়াতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নয়ন কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ঈদের আগের তিন দিন ও পরের দিন মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল। এসব নির্দেশনা মেনে চলার ব্যাপারে সম্মতি জানিয়ে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি ঘরমুখী মানুষের যাতায়াত নিষ্কণ্টক ও  স্বাভাবিক  রাখতে দেশের সকল টোল প্লাজাগুলো উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন।   বাংলাদেশ  সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ  বলেন, সড়কে নির্মাণ কাজের জন্য এমনিতে অবস্থা জটিল আকার ধারণ করেছে। তার ওপর আবার বৃষ্টি। সব মিলিয়ে ঈদে ঘরমুখো মানুষের বাসে করে নির্বিঘ্নে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছে দিতে পারব কিনা এ নিয়ে আমরা তীব্র শঙ্কার মধ্যে রয়েছি।

চট্টগ্রামের পথে দুই সেতুতে ভয়

সড়ক পথে ঢাকা থেকে চট্টগ্রামে যেতে কাঁচপুর সেতুর পর দুই লেনের সরু মেঘনা সেতু পার হতে হয়। হাইওয়ে পুলিশ এই দুই সেতু ও আশপাশের এলাকায় তীব্র যানজটের আশঙ্কা করছে। মেঘনা সেতু উঁচু হওয়ায় তাতে ভারী যানবাহন উঠতে সময় লাগে বেশি। সেই সঙ্গে টোল আদায়েও সময় লাগায় এমনিতেই মাঝেমধ্যে গাড়ির জট তৈরি হয়।

ঈদে বন্ধ থাকছে মহাসড়কে চার লেনের কাজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অব্যাহত যানজট লেগে থাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনে উন্নয়ন কাজ বন্ধ থাকছে। গতকাল মঙ্গলবার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি যানজট নিরসনে পুলিশের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি।

ব্রিজ ও টোল প্রাজা উন্মুক্ত রাখার দাবি

ঘরমুখো মানুষের যাতায়াত নিষ্কণ্টক ও স্বাভাবিক রাখতে দেশের সকল টোল প্লাজা উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান। তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিশ্চিত করতে সড়ক-মহাসড়কে যানজট মুক্ত রাখা অত্যন্ত জরুরি।

রূপগঞ্জে ঢাকা-সিলেট রুটে দীর্ঘ যানজট

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকায় নির্মাণ কাজের জন্য  ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে (বাইপাস) এখন নিত্যদিনই যানজট সৃষ্টি হচ্ছে। গতকালও ওই দুই মহাসড়কে ১৬ কিলোমিটার যানজট ছিল। আটকে ছিল শত শত যানবাহন। ঈদেও ওই পয়েন্টে যানজট হতে পারে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক বাংলাদেশের অন্যতম ব্যস্ততম মহাসড়ক। ঈদে প্রতিবছরই মানুষের অকল্পনীয় ভোগান্তি পোহাতে হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ হাজারের বেশি যানবাহন চলাচল করে থাকে।  ঈদে স্বাভাবিকের চেয়ে তিনগুণ যানবাহন চলাচল করে।  ফলে এ বছরও যানজটে ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা আরিচা মহাসড়কে যানজট

গত কয়েকদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের ইউনিক থেকে ধউর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দিচ্ছে। পুলিশের এক কর্মকর্তার আশঙ্কা ঈদের আগেই এ পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে।

ইত্তেফাক/নূহু