বগুড়ায় শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা প্লাস্টিক পণ্য জব্দ

আপডেট : ২১ জুন ২০১৭, ১৭:৩৩
 
আমদানি শুল্ক-ভ্যাট ফাঁকির অভিযোগে বগুড়া কাস্টম হাউজের কর্মকর্তারা এক অভিযান চালিয়ে শহরের একটি ট্রান্সপোর্ট থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ২৬টন প্লাস্টিক পণ্য তৈরির কাঁচামাল জব্দ করেছে। মঙ্গলবার রাত ১২টায় এই অভিযান চালানো হয়।
 
বুধবার দুপুরে বগুড়া কাস্টম হাউজের ডেপুটি কমিশনার নূর উদ্দিন মিলন পিপি দানা জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া শহরের মেসার্স রাজু ট্রেডার্স, খান ট্রেডার্স, বিজু প্লাস্টিক এবং হিমেল ট্রেডার্স নামের কয়েকটি প্রতিষ্ঠান শুল্ক ভ্যাট ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ পিপি দানা আমদানি করে মজুদ করেছে।
 
কাস্টম গোয়েন্দা ইউনিটের এমন তথ্যের ভিত্তিতে কাস্টম বিভাগ শহরের দত্তবাড়ি এলাকায় অবস্থিত নিউ চাঁন্দা ট্রান্সপোর্টে র‌্যাব ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে মজুদ এক হাজার ৫০ বস্তা পিপি দানা উদ্ধার করে জব্দ করা হয়েছে। যার ওজন প্রায় ২৬ টন।  আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/জামান