সড়ক দুর্ঘটনায় রাজশাহীর সায়েন্স ল্যাবরেটরি'র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনসুর আলী (৫৪) নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহীর মোহনপুরের কালিতলা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত প্রাইভেটকারের চালক শরিয়ত হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ড. মনসুর আলী নওগাঁ জেলার ধামইরহাটের আক্কেল আলীর ছেলে। মনসুর আলী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার চন্দ্রিমা আবাসিক এলাকায় তার নিজস্ব বাড়িতে বসবাস করতেন। আর আহত গাড়ি চালক শরিয়ত হোসেন রাজশাহীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার মৃত আজাহার হোসেনের ছেলে।
মোহনপুর থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, যাকাতের কাপড় নিয়ে গ্রামের বাড়ি নওগাঁর ধামইরহাটে যাচ্ছিলেন ড. মনসুর আলী। পথে রাজশাহীর মোহনপুর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে কারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ড. মনসুর আলী ও চালক শরিয়ত হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ড. মনসুর আলীকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/জামান
