খুলনায় সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে নগরীর খানজাহান আলী (রা.) সেতু এলাকা থেকে লবণচরা থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত আইপ্যাডে অত্যাধুনিক অস্ত্রের ছবি, অস্ত্রের প্রশিক্ষণ, চালনা ও জিহাদ সম্পর্কিত বক্তব্য এবং জঙ্গি কানেকশন সংশ্লিষ্ট বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সিটি স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তাদের কাছ থেকে উদ্ধারকৃত আইপ্যাড এবং সংশ্লিষ্ট তথ্য আইটি এক্সপার্ট দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ জন্য তাদের ঢাকায় কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে পাঠানো হতে পারে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খানজাহান আলী (রা.) সেতু এলাকায় চেকপোস্টে পাঁচ সন্দেহভাজন যুবককে তল্লাশিকালে আমিনুল ইসলাম নামে একজনের কাছে একটি আইপ্যাড পাওয়া যায়। যার মধ্যে অত্যাধুনিক অস্ত্রের ছবি রয়েছে। আপাতত থানায় রেখে তাদের জিজ্ঞাবাদ করা হচ্ছে।
তিনি জানান, আটককৃতরা রূপসা উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা। অধিকাংশই ছাত্র। তবে প্রাথমিক অবস্থায় তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
ইত্তেফাক/ইউবি
