ভিজিএফের গম কম দেয়ার প্রতিবাদ

নাচোলে এক বৃদ্ধকে বেধড়ক পেটাল ইউপি সদস্য

আপডেট : ২৫ জুন ২০১৭, ২৩:০১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভিজিএফের গম কম দেয়ার প্রতিবাদ করায় ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়েছে নাচোল সদর ইউনিয়ন পরিষদের দুই সদস্য। এ ঘটনায় জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত দুই ইউপি সদস্যকে থানায় আটক করে নিয়ে আসা হয়। ঘটনাটি ঘটেছে আজ রোববার নাচোলের নাসিরাবাদ হাইস্কুল মাঠে। নাচোল থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নাচোল সদর ইউনিয়নে মোট ভিজিএফ কার্ডধারী ২ হাজার ৩৮২ জন। গত বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে নাসিরাবাদ হাই স্কুল মাঠে ভিজিএফের গম বিতরণ করা হয়। এবারে প্রত্যেক কার্ডধারীর জন্য মাথাপিছু বরাদ্দ ১৩ কেজি ২০০ গ্রাম গম। কিন্তু বরাদ্দের চেয়ে অনেক কম গম দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগ, কাউকে কাউকে ৭ থেকে ১০ কেজি গম দেয়া হয়েছে।

সরেজমিন জানা যায়, গত দুই দিনে গম কম দেয়া হলেও অনেক কার্ডধারী নীরবে জনপ্রতিনিধিদের এ অনিয়ম হজম করেন। কিন্তু আজ রবিবার হাঁকরইল গ্রামের মৃত মেসের আলীর ছেলে ষাটোর্ধ্ব আবদুস সালাম এর প্রতিবাদ করেন। তখন ইউপি সদস্য আবুল কাশেম ও এরশাদ আলী ক্ষিপ্ত হয়ে দায়িত্ব পালনরত চৌকিদারের কাছ থেকে লাঠি নিয়ে নির্মমভাবে বৃদ্ধকে পেটাতে শুরু করেন। এ সময় গম নিতে আসা একই গ্রামের আবুল হোসেনের স্ত্রী মনোয়ারা (৫০) আব্দুস সালামকে বাঁচাতে গেলে ইউপি সদস্যদের হাতে তিনিও আহত এবং লাঞ্ছিত হন। ঘটনাস্থলে থাকা আরেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ইউপি সদস্যদের হাতে তিনিও নিগৃহীত হন।

ভিজিএফের গম নিতে আসা খেসবা গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী বেসনু বেওয়া (৪৫), পীরপুর গ্রামের নূরনবীর স্ত্রী খাদিজা (৩৫) ও হাঁকরইল গ্রামের মাসুদ রানার স্ত্রী সেলিনা (৩০) সাংবাদিকদের জানান, তারা বরাদ্দের চেয়ে অনেক কম গম পেয়েছেন। তাদের বক্তব্যের প্রমাণ হিসেবে উপস্থিত জনতা তাৎক্ষণিকভাবে ডিজিটাল পাল্লায় গম মেপে সাংবাদিকদের দেখান।

উপস্থিত কার্ডধারীরা আরো জানান, জনপ্রতিনিধিদের এহেন আচরণ খুবই ন্যক্কারজনক। পুলিশ সময়মতো ঘটনাস্থলে না পৌঁছুলে পরিস্থিতি হয়তোবা নিয়ন্ত্রণের বাইরে চলে যেত বলে তারা জানান। ঘটনাস্থলে থাকা প্রত্যেকেই দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন।

এ বিষয়ে নাচোল সদর ইউপি চেয়ারম্যান এনায়েতুল্লাহ জানান, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি থাকা পর্যন্ত কাউকে গম কম দেয়া হয়নি বলে দাবি করেন। তবে ইউপি সদস্যদের হাতে বৃদ্ধ নির্যাতিত হওয়ার কথা স্বীকার করে তিনি জানান, ঘটনাটি দুঃখজনক।

নাচোল থানার ওসি ফাছিরুদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় এবং অভিযুক্ত দুই ইউপি সদস্যকে তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদেরকে ১৫১ ধারায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু