যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী নিয়ম ভেঙে দেশটির বিগত দুই দশকের ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্ট হিসেবে কোনো ‘ইফতার পার্টির’ আয়োজন করেননি ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ সংস্থা- হাফিংটন পোস্ট এক প্রতিবেদনে এমনটি জানাচ্ছে।
IMG0
ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ১৯৯৬ সাল থেকে মার্কিন মুসলিম জনগোষ্ঠীর সৌজন্যে হোয়াইট হাউজে এ ধরণের পার্টির আয়োজন চালু করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। পরবর্তীতে বুশ প্রশাসন ও সর্বশেষ বারাক ওবামা প্রশাসনও প্রতিবছর রমজান মাসে রাষ্ট্রীয় গুরুত্বের সঙ্গে ‘ইফতার পার্টির’ আয়োজন করে আসছিলো।
IMG1
তবে গত নভেম্বরে ক্ষমতায় এসে কয়েকটি মুসলিম দেশের ওপর নানান নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। এর পর থেকেই তার কর্মকাণ্ডে মুসলিম বিদ্বেষের ছাপ খুঁজতে থাকেন সমালোচকেরা। যদিও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ট্রাম্প সৌদি আরবে যান এবং প্রায় ৪০টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের প্রধানদের সঙ্গে বৈঠক করেন। তারপরও মার্কিন রীতি ভেঙে কোনো ‘ইফতার পার্টির’ আয়োজন না করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন তিনি।
IMG2
যদিও গত শনিবার ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া একটি সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে মুসলমানদের ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে ‘উষ্ণ শুভেচ্ছা’ জ্ঞাপন করেন। তারপরও ট্রাম্পের ওপর থেকে নিন্দার তীর সরাতে পারছেন না মার্কিন মুসলিম সম্প্রদায়ের কর্তাব্যক্তিরা। তাদের অনেকেই ক্ষোভ জানিয়ে বলেন, ‘ট্রাম্প মুসলিমদের প্রকাশ্যে সন্ত্রাসী হিসেবে গণ্য করেন, নয়তো এ জনগোষ্ঠীর প্রতি এতোটা অবহেলা তিনি করতেন না।’ হাফিংটন পোস্ট।
ইত্তেফাক/সেতু
