ফরিদপুরের বোয়ালমারীতে দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে বুধবার মধ্যরাতে স্থানীয় আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। নিহতের নাম দেলোয়ার হোসেন (৩৫)। এ সময় আহত হয়েছেন উভয় গ্রুপের ২০ জন। সংঘর্ষে দুই গ্রুপের বাড়িঘর ভাঙচুর করা হয়।
স্থানীয়রা জানায়, উপজেলার চতুল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জামাল মাতুব্বর এবং আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাজিমউদ্দিনের মধ্যে দীর্ঘদিন যাবত্ দ্বন্দ্ব চলছিল। ওইদিন চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে একটি দাওয়াত অনুষ্ঠানে এক পক্ষকে দাওয়াত দেওয়া হয়েছিল। দাওয়াত খাওয়া নিয়ে রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে গভীর রাতে নাজিমউদ্দিন গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জামাল মাতুব্বরের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। জামাল মাতুব্বরের লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিহত করতে গেলে সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
বোয়ালমারী থানার ওসি শামিম আহমেদ জানান, সংঘর্ষে জামাল মাতুব্বরের সমর্থক আহত দেয়োয়ার হোসেন বৃহস্পতিবার ভোরে মারা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
