বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিত্সার দাবিতে বৃহস্পতিবার জেলা যুবদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। সদর রোডে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এ সময় যুবদল নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনের সড়কে বসে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে পুলিশের হস্তক্ষেপে যুবদল নেতাকর্মীরা সেখান থেকে উঠে দলীয় কার্যালয়ে ফিরে যায়। জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সম্পাদক অ্যাডভোকেট তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।
প্রধান শিক্ষককে মারধর বিচার দাবি
বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম ও তার ভাইয়ের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে মারধর করার প্রতিবাদে বৃহস্পতিবার বরিশালে মানববন্ধন করা হয়েছে।
নগরীর সদর রোডে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা। এতে বক্তব্য রাখেন শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম, সাবেক সভাপতি দাশ গুপ্ত আশিষ কুমার প্রমুখ।
গত মঙ্গলবার স্কুলে প্রভাব বিস্তার করতে কম্পিউটার শিক্ষক উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমের নেতৃত্বে তার ভাই, ছেলেসহ অন্যরা প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে মারধর করে। তবে ভাইস চেয়ারম্যান রেহানা বেগম অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন।
