ঈশ্বরদীর মুলাডুলিতে ট্রেনের ছাদ থেকে নীচে পড়ে আকাশ (১৬) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তরুণের বাড়ি টাঙ্গাইল সদর থানার গালা ইউনিয়নের কালাপচা গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন। সে একটি ওয়েল্ডিং কারখানায় সহযোগীর কাজ করতো। পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আকাশের বন্ধুদের সাথে কথা বলে জানা গেছে, তারা চার বন্ধু বেড়ানোর উদ্দেশে গত মঙ্গলবার সিল্কসিটি ট্রেনে রাজশাহী যাচ্ছিল। ট্রেনের কামড়ায় সীট না পাওয়ায় তারা ট্রেনের ছাদে চড়ে বসে। ট্রেনটি সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদীর মুলাডুলি স্টেশন অতিক্রম করার সময় আকাশ ছাদের উপর দাঁড়িয়ে পড়ে। এসময় বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা খেয়ে সে নীচে পড়ে যায়। ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে থামলে ৩ বন্ধু নেমে পড়ে এবং তারা পায়ে হেঁটে মুলাডুলি এলাকা থেকে আকাশকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, খবর পেয়ে আকাশের বাবা আনোয়ার হোসেন ছেলের লাশ নিজ বাড়ি টাঙ্গাইলে নিয়ে যান।
ইত্তেফাক/এমআই
