অপহূত হোমিও চিকিত্সক উদ্ধার, গ্রেফতার ৬

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২২:৩০

রাজধানীর মিরপুর থেকে অপহূত হোমিও চিকিত্সক মোনায়েমুল বাশারকে টাঙ্গাইলের মধুপুর ভাওয়াল বন এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার  উদ্ধার করেছে র্যাব-৪। অপহরণের সঙ্গে জড়িত  চক্রের প্রধানসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- আব্দুস সালাম, আলমগীর হোসেন, ফয়েজ উদ্দিন, ফয়সাল, আব্দুল হালিম ও বিল্লাল হোসেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহূত ৪ মোবাইলফোন সেট ও মুক্তিপণের নগদ সাড়ে ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান ভুঁইয়া জানান, বুধবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বাশারকে উদ্ধার করা হয়। 

জানা যায়, প্রতারণার কৌশল হিসাবে রোগী সেজে ওই চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করেন এই চক্রের এক সদস্য। পরে তার সঙ্গে সখ্য গড়ে গত বুধবার মোনায়েমুলকে মিরপুর থেকে ভাওয়াল বনে নিয়ে  চক্রের অন্য সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। ওই চক্র মোনায়েমুলকে মুক্তির বিনিময়ে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ রেখে কিছু টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠায় মোনায়েমুলের পরিবার। পরে বিষয়টি র্যাব-৪ এর কাছে অভিযোগ করা হলে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ওই বনে এই উদ্ধার অভিযান চালানো হয়।