গাজীপুরে বয়লার বিস্ফোরণ নিহত ৬, বহু আহত

আপডেট : ০৩ জুলাই ২০১৭, ২২:৩৮
গাজীপুরের একটি কারখানায় সোমবার সন্ধ্যায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 
 
গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশীদ রাত সাড়ে ৮টার দিকে ইত্তেফাককে জানান, ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ২৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এখনো ভেতরে ঢুকতে পারেনি। ভেতরে আরো লাশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা শেষ হতে আরো সময় লাগবে। 
 
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই প্রতিষ্ঠানটির নাম ‘মাল্টি ফ্যাবস লিমিটেড’। 
 
এর আগে গত বছর গাজীপুরের পুবাইল এলাকায় স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাষ্ট্রি নামের একটি টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।
 
ইত্তেফাক/ইউবি