মগড়া নদীর ভাঙনের কবলে পড়ে হুমকির মুখে নেত্রকোনা-পূর্বধলা সড়কটি। এর আগে পূর্বধলা অংশের নারায়ণডহর নামক স্থানে নদী ভাঙনের হাত থেকে মূল সড়কটিকে রক্ষার জন্য যে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা হয়েছিল, তা ভেঙে নদীতে পড়েছে। নদীর পাড় ঘেঁষে চলা এ সড়কটির অস্তিত্ব এখন বিলীন হবার পথে। বর্ষাকালে মগড়া নদীর স্রোত বেশি থাকার কারণে নদীর উত্তর দিক ভাঙছে। ভাঙতে ভাঙতে এখন সড়কের কাছাকাছি ভাঙন এসে গেছে। ফলে যে কোনো সময় সড়কের বিরাট একটি অংশ নদীগর্ভে বিলীন হবার আশঙ্কা দেখা দিয়েছে।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড নারানদিয়ার কিছু অংশে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করে দিলে তা ভেঙে যাওয়ায় নিকটবর্তী প্রতিরক্ষা দেয়ালও হুমকির সন্মুখীন। এ দেয়াল যে কোনো সময় ভেঙে যেতে পারে। পূর্বধলার এমপি ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক জানান, তিনি সড়কটি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং মূল সড়কটি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলেন, সড়কটি তিনটি উপজেলার সঙ্গে সংযুক্ত থাকার কথা বিবেচনা করে যাতে অবিলস্বে ব্যবস্থা নেওয়া যায় সে জন্য কাজ করা হচ্ছে। এই সড়কে যাতায়াতকারী লোকজন এবং যানবাহন চালকরা অবিলম্বে নদী ভাঙন থেকে রক্ষার জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু
