পাখির সঙ্গে ধাক্কা লাগায় এয়ার এশিয়া বিমানের জরুরি অবতরণ

আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৫:২৫
মালয়েশিয়াগামী এয়ার এশিয়ার ডি৭-২০৭ বিমান মঙ্গলবার অস্ট্রেলিয়ায় ফিরে আসতে বাধ্য হয়েছে। সম্ভবত পাখির আঘাতের কারণে বিমানটি কাঁপতে শুরু করার পর এটি জরুরি অবতরণে বাধ্য হয়। গত দুই সপ্তাহের মধ্যে এয়ার এশিয়ার বিমানের ক্ষেত্রে এধরনের এটি দ্বিতীয় ঘটনা।
 
বার্তা সংস্থা- এএফপি জানাচ্ছে, এয়ার এশিয়ার বিমানটি সোমবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট বিমানবন্দর থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হয়। এতে ৩৪৫ যাত্রী ও ১৪ ক্রু ছিল। কিন্তু উড্ডয়নের পর পরই বিমানটিতে শব্দসহ কম্পন শুরু হয় এবং তা ডান ইঞ্জিন থেকেই হচ্ছিল বলে যাত্রীরা জানায়। পরে এটি নিরাপদে ব্রিসবেন এয়ারপোর্টে অবতরণ করে।
IMG0
এয়ার এশিয়া কর্তৃপক্ষ এ কথা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, বিমান বন্দরের রানওয়েতে দুটি পাখিকে দেখা গেছে। বিমানের ডানদিকের ইঞ্জিনটিতে পাখির ধাক্কা লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এয়ার এশিয়ার প্রধান বেনিয়ামিন ইসমাইল জানান, বিশেষ বিমানে করে যাত্রীদের কুয়ালালামপুরে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু