রাজধানীর কদমতলীতে আয়েশা মোশারফ মার্কেটের পূর্ব গেইটে আজ সকালে ৩ জন বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দোকান কর্মচারী লিটন মারা গেছেন।
জানা গেছে, বৃষ্টির জমা পানির উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ওই মার্কেটের ‘আল মদিনা’ কাপড়ের দোকান মালিক মো. ইউনুস (৪৫), তার ভাগিনা সাইদুল ইসলাম (৩৪), ও দোকান কর্মচারী মো. লিটন (৩০) ওই পথ দিয়ে দোকানে যাচ্ছিলেন। এ সময় পানিতে পা লাগালেই ৩ জন বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে দুপুর পৌণে ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন। আর বাকী দুজন চিকিৎসাধীন রয়েছেন। লিটনের পিতার নাম ইসমাঈল হাওলাদার। তিনি দক্ষিণ ধনিয়ায় থাকতেন।
আয়েশা মোশারফ মার্কেটের ব্যবসায়ী ইসমাঈল হোসেন বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা নিশ্চিত করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ীর এস আই মো. বাচ্চু মিয়া মো. লিটনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লিটনের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/এমআই
