গাজীপুরে জেএমবি'র তিন সদস্য গ্রেফতার

আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৯:০১
 
নিষিদ্ধ ঘোষিত সংগঠন 'জামায়েত মুজাহিদিন বাংলাদেশ' (জেএমবি) এর সক্রিয় তিন সদস্যকে গাজীপুর সিটি কর্পোরেশনের মাস্টারবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১।
 
গ্রেফতারকৃতরা হচ্ছেন- মো. আজিজুল হাকিম (৩৪), মো. হাসান আলী (৩৬) ও মো. কামরুল হাসান (৪২)। এসময় তাদের বাড়ি তল্লাশি করে সংগঠনের রাষ্ট্রবিরোধী নীতিমালা সম্বলিত পুস্তক, বেশ কিছু বেআইনি বই, তাদের নিজ হাতে লেখা কিছু নোট খাতা উদ্ধার করা হয়।
 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে যে, জেএমবির বেশ কয়েকজন সদস্য পুনরায় সংগঠিত হয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর পরিকল্পনা তৈরি করছে। মঙ্গলবার রাত ১২টার দিকে জয়দেবপুর থানাধীন নান্দুয়াইন এলাকায় একটি বাড়িতে একত্রিত হয়েছে। এই খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।
 
র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মো. হাসান আলী জানায়, দীর্ঘদিন ধরে জয়দেবপুরে হকারি পেশার মাধ্যমে মানুষকে নিজেদের সংগঠনে আসার জন্য দাওয়াত দিয়ে আসছিল এবং দলের বিভিন্ন পরিকল্পনার জন্য চাঁদা সংগ্রহ করত। সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর জঙ্গি বিরোধী অভিযানের ফলে সে গা ঢাকা দিয়ে তাদের দলের অপর সদস্য মো. আজিজুল হাকিমের বাসায় আশ্রয় গ্রহণ করে।
 
তারা মাঝে মাঝে স্বল্প পরিসরে তাদের অপর নেতা মো. কামরুলের নির্দেশনা অনুযায়ী মো. আজিজুল হাকিমের বাসায় একত্রে গোপন বৈঠকে মিলিত হত। আটককৃত আসামীরা বিভিন্ন পেশায় জড়িত থাকলেও তারা মূলত এলাকা হতে বিভিন্ন পন্থায় চাঁদা সংগ্রহ করা এবং নির্দেশনা অনুযায়ী তা তাদের ঊর্ধ্বতন নেতার কাছে বিভিন্ন মারফতে প্রেরণ করত। গ্রেফতারকৃতদের নিকট হতে সংগঠনের আরো কয়েকজনের নাম জানা গেছে। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাব জানায়।
 
ইত্তেফাক/জামান