জঙ্গিদের জ্যান্ত চিবিয়ে খাওয়ার শপথ দুতের্তের

আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৫:১১
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে সেদেশের ইসলামী জঙ্গিদের জ্যান্ত চিবিয়ে খাওয়ার শপথ নিয়েছেন। ভিয়েতনামের দুই নাবিককে শিরশ্ছেদের প্রতিক্রিয়ায় জঙ্গিদের ওপর ক্ষিপ্ত হয়ে তিনি একথা বলেন।
 
বুধবার ফিলিপাইনের সেনারা দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ের অদূরে ওই দুই নাবিকের লাশ উদ্ধার করে। গত বছরের নভেম্বর মাসে ভিয়েতনামের একটি মালবাহী জাহাজের অপর চার ক্রুর সঙ্গে এই দুই নাবিককেও অপহরণ করা হয়। 
IMG0
মুক্তিপণের জন্য অপহরণের কারণে কুখ্যাত আবু সায়েফ গ্রুপের ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাটিতে এই হত্যাকাণ্ডের জন্য সেনারা জঙ্গি গোষ্ঠীটিকেই দায়ী করেছে। তাছাড়া মুক্তিপণ না দেয়ায় জিম্মিদের হত্যার জন্যও আবু সায়েফ পরিচিত। আগেও তারা এমন কাজ করেছে।
IMG1
বুধবার রাতে স্থানীয় কর্মকর্তাদের সামনে দেয়া এক বক্তৃতায় দুতের্তে জঙ্গিদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা চাইলে আমি তোমাদের কলিজা চিবিয়ে খাব। আমাকে লবণ ও ভিনেগার দিলে তোমাদের সামনে তা খেয়ে দেখাব।’ এসময় মোবাইল ফোনে ভিয়েতনামের নাবিকদের লাশের ছবি দেখিয়ে জঙ্গিদের অভিশাপও দেন তিনি। এছাড়া গত বছর ৭২ বছর বয়সী দুতের্তে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আবু সায়েফ ও অন্যান্য জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য সেনাদের কঠোর নির্দেশ দেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু