ভোলার মনপুরার মেঘনায় ফের জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার অপহৃত ১ জনকে অর্ধ লক্ষ টাকায় ছেড়ে দিলেও বৃহস্পতিবার সকালে বদনার চর সংলগ্ন পশ্চিম পাশের মেঘনা থেকে অন্য ২ জেলেকে নিয়ে গেছে জলদস্যুরা।
গত দুই দিনে ( বুধবার ও বৃহস্পতিবার) ৪ জেলে ট্রলারে হামলা চালিয়ে ৩ জেলেকে অপহরণ করে জলদস্যুরা। অপহৃত জেলেরা হলেন, জাকির মাঝি ও গিয়াসউদ্দিন মাঝি। এদের বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নে।
আড়তদার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭ টায় চাঁইয়ের নৌকার মাঝি জাকির ও সালাউদ্দিন মাঝি বদনার চর সংলগ্ন পশ্চিম পাশের মেঘনায় চাঁই ফেলে মাছ ধরছিল। এই সময় হাতিয়ার জলদস্যুরা হামলা চালিয়ে জাকির মাঝি ও গিয়াসউদ্দিন মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। পরে দুই ঘণ্টার ব্যবধানে মুক্তিপণের বিনিময়ে মুক্তি পায় অপহৃত জেলেরা। তবে কত টাকার বিনিময় অপহরণকৃত দুই জেলে মুক্তিপায় আড়তদাররা বলতে রাজি হয়নি।
এদিকে জলদস্যু বাহিনীর সাথে রফাদফা করে অর্ধলক্ষ টাকার মুক্তিপণে উদ্ধার হল বুধবার ভোর রাত ৪ টায় অপহৃত আরিফ মাঝি। উদ্ধার হওয়া জেলের আড়তদার ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, জলদস্যুরা অপহৃত জেলের মুক্তিপণ বাবদ একলক্ষ টাকা দাবী করে। পরে দর কষাকষি শেষে অর্ধলক্ষ টাকায় মুক্তি পায়। উদ্ধার হওয়া জেলে জাগলার চর মাথা থেকে ট্রলারযোগে মনপুরায় ফিরে এসেছে।
এব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান জানান, বুধবার অপহৃত জেলে মনপুরায় ফিরে এসেছে। কিন্তু মুক্তিপণের বিষয়টি তিনি জানেন না। এছাড়া বৃহস্পতিবার অপহরণের ঘটনা সাংবাদিকদের কাছে শুনেছেন বলেও তিনি জানান।
ইত্তেফাক/সাব্বির
