গোপালগঞ্জ জেলা কারাগারে পিন্টু শেখ (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় তিনি মারা যান।
পিন্টু গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার লাখাইরচর গ্রামের সহিদ শেখের ছেলে। তিনি মাদক মামলায় গোপালগঞ্জ জেলা কারাগারে আটক ছিলেন।
গোপালগঞ্জ জেলা কারাগারে জেলার মো. আতিকুর রহমান জানান, গত ১ জুলাই মাদক মামলায় আদালত পিন্টুকে কারাগারে পাঠায়। বৃহস্পতিবার দুপুরে তিনি কারাগারের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে পিন্টুর লাশ হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/জামান
