বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বুধবার জারি করা সতর্ক বার্তায় মার্কিনিদের আইএস ও আল-কায়েদার মতো আন্তঃদেশীয় সন্ত্রাসী সংগঠনগুলোর দেওয়া হুমকির বিষয়ে অতিরিক্ত সতর্কতা মেনে চলতে বলা হয়েছে।
বার্তায় বলা হয়েছে, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের দুই মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে আইএস ও আল-কায়েদার মতো আন্তঃদেশীয় সন্ত্রাসী সংগঠনগুলো। এর প্রেক্ষিতে আমরা মার্কিন নাগরিকদের চলতি হুমকির বিষয়ে অতিরিক্ত সতর্কতা মেনে চলতে পরামর্শ দিচ্ছি। সন্ত্রাসী সংগঠন, তাদের সহযোগী এবং এমন সব সংগঠন থেকে উদ্বুদ্ধদের মধ্যে বাংলাদেশসহ বিশ্বে মার্কিন ও পশ্চিমা নাগরিকদের ওপর হামলার অভিপ্রায় রয়েছে। বার্তায় সতর্ক করে আরো বলা হয়েছে, চরমপন্থিরা মার্কিন স্বার্থে আঘাত হানার জন্য প্রচলিত বা অপ্রচলিত অস্ত্র ব্যবহার করতে পারে। চরমপন্থিরা অনলাইনে অপপ্রচার চালাচ্ছে এবং পশ্চিমা স্কুল, ব্যবসা ও এনজিও’র মতো ‘দুর্বল’ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর আহ্বান জানাচ্ছে।
তবে সতর্ক বার্তায় দূতাবাস থেকে উল্লেখ করা হয়েছে যে, অফিসের নিয়মিত কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। সেই সঙ্গে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা যাচাই করে দেখতে এবং আশেপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে অনুরোধ করা হয়েছে। পশ্চিমাদের নিয়মিত আসা-যাওয়া, থাকার জায়গায় সতর্ক থাকতে এবং হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যমে নজর রাখতে বলা হয়েছে।
