অনেকেই সকালের নাস্তা খান না। অনেকেই আবার ডায়েটিং করেন। যারা সকালের নাস্তা খান না এবং অধিক রাতে খাবার খান তাদের জন্য দুঃসংবাদ দিয়েছেন বিশেষজ্ঞগণ। যারা নিয়মিত সকালের নাস্তা বা ব্রেকফাস্ট খান না তাদের হূদরোগের ঝুঁকি বেশি। আর এই গবেষণা তথ্যটি দিয়েছেন যুক্তরাষ্ট্রের হারভার্ড স্কুল অব পাবলিক হেলথ-এর গবেষকগণ।
একটানা ১৬ বছর যাবৎ গবেষণা চালিয়ে বিশেষজ্ঞগণ দেখেছেন, যারা ক্রমাগতভাবে ব্রেকফাস্ট পরিহার করেন তাদের স্বাভাবিকের চেয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি ২৭ ভাগ বেশি। গবেষগণ আরো বলছেন, যারা নিয়মিত লেট নাইটে বা অধিক রাতে খাবার খান তাদের করনারি হূদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে ৫৫ ভাগ বেশি। শুধু সকালের নাস্তা পরিহার এবং রাতে দেরিতে খাওয়ার বিষয়টি নয়, বিশেষজ্ঞগণ নাস্তা ও রাতের খাবারে কি পরিমাণ ক্যালরি গ্রহণ করা হচ্ছে তাও বিবেচনার ওপর গুরুত্ব দিয়েছেন।
বিশেষজ্ঞগণ বলছেন, শুধু সকালের স্বাস্থ্যসম্মত ব্রেকফাস্ট নয়, হূদরোগ ও হার্ট অ্যাটাক প্রতিরোধে পরিমিত খাবার ও নিয়মিত ব্যায়াম করা দরকার।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
