কেরানীগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৩:৩৫
 
ঢাকার কেরানীগঞ্জে চুরির অভিযোগে অজ্ঞাত এক যুবককে(২৫) গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার গভীর রাতে খোলাড়া এলাকার নয়াদিগন্ত স্কুলের পাশে মনিরের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উত্তেজিত জনতা ওই যুবককে পিটিয়ে হত্যা করার পর পুলিশে খবর দেয়।
 
কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকির মুহাম্মদ যুবায়ের জানান, রাত ২টার দিকে একদল চোর মনিরের টিনশেড ঘরের জানালা কেটে ভিতরে প্রবেশ করে। ঘরে মনিরের বৃদ্ধ মা ঘুমিয়ে ছিলেনে। চোরেরা তার গলার স্বর্ণের চেন ও কানের একটি দুল খুলে নিলে মনিরের মা চিৎকার করে। এ সময় চোরের দল মনিরের মায়ের হাতে সুরিকাঘাত করে। পরে বাড়ির অন্যান্য বাসিন্দারা ছুটে এসে চোরের দলকে ধাওয়া করে। এ সময় অজ্ঞাত ওই যুবককে চুরির অভিযোগে আটক করে গণপিটুনি দেয়া হয়, এতে ওই যুবকের মৃত্যু হয়।
 
আজ শনিবার সকালে লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
ইত্তেফাক/এমআর