বরিশালে ডাকাতির ঘটনায় সন্দেহজনক ৪জন আটক

আপডেট : ০৮ জুলাই ২০১৭, ২৩:৪৬

সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় পুলিশ সন্দেহজনকভাবে চারজনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে সায়েস্তাবাদ বাজার সংলগ্ন নদীর পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো, একই এলাকার মোঃ স্বপন কবিরাজ, মোঃ শামসুল হক শানু, পল্টু বেপারী ও কাউনিয়া বিসিকের কবির হোসেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে শনিবার রাতে কাউনিয়া থানার ওসি সেলিম রেজা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এলাকায় চুরি এবং ডাকাতির অভিযোগ রয়েছে। তাই তাদের সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত: গত ৫ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে সায়েস্তাবাদ বাজারের নৈশ প্রহরীকে হাত-পা বেঁধে দুটি স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় ৬ জুলাই ক্ষতিগ্রস্থ জুয়েলারি মালিকদ্বয় বাদি হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।

ইত্তেফাক/নূহু