সাভারে অগ্নি ঝুঁকিপূর্ণ বহুতল ভবনগুলো চিহ্নিত করছে ফায়ার সার্ভিসের একটি দল। গতকাল বৃহস্পতিবার সাভারে ৩টি ভবন পরিদর্শনের পর অগ্নি ঝুঁকিপূর্ণ বহুতল ভবন চিহ্নিত করে ব্যানার ঝুলিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। দুপুর থেকে বিকাল পর্যন্ত সাভারের তালবাগ এলাকার সিটি টাওয়ার, বিসমিল্লাহ টাওয়ার ও বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ফায়ার সার্ভিস সদর দপ্তরের নির্দেশে গতকাল থেকে তারা সাভারের বিভিন্ন অগ্নি ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন শুরু করেছেন। পরিদর্শনকালে যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ সেগুলোতে ব্যানার ঝুলিয়ে দেওয়া হচ্ছে। সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, এ অভিযান চলমান থাকবে। এলাকাবাসী জানান, সাভার ও আশুলিয়ায় অনেক অগ্নি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে যেগুলোতে আগুন লাগলে অনেক মানুষের ক্ষতি হতে পারে।
