মেহেন্দীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠকে বুধবার রাতে হামলায় ১২জন আহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে ৯জন।
উপজেলার আলিমাবাদ ইউনিয়নের সুইচগেট বাজারে এ হামলায় গুরুতর আহতদের রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলো, হোসেন চৌকিদার, হুমায়ুন বয়াতী, বাদল, ইয়াছিন, মো: চৌকিদার, রত্তন চৌকিদার, জাকির, জামাল ফেরদৌস, মিরাজ, রিয়াজ, রফিক আকন ও ফিরোজ।
আহত জাকির হোসেন জানান, বিকেল থেকে আলিমাবাদ ইউনিয়নের সুইচগেট বাজারে উঠান বৈঠক চলছিল আওয়ামীলীগ মনোনিত প্রার্থী শেখ শহিদুল ইসলামের। রাত ৮টার দিকে আমাদের ওপর আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ হামলা চালায় অজ্ঞাতরা। হামলায় ৯জন গুলিবিদ্ধসহ ১২ জন গুরুতর আহত হয়।
আলিমাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আহত হুমায়ুন বয়াতী বলেন, যারা আমাদের উপর হামলা চালিয়েছে তাদের কাউকে চেনেন না তিনি। যারা হামলা চালিয়েছে তাদের হয়তো ভোলা থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে তার অভিমত।
এ বিষয়ে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আখতারুজ্জামান বলেন, তিনি হামলার খবর শুনেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে।
ইত্তেফাক/নূহু
