রায়পুরে ডেকোরেটর ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৫:০১
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের বিসমিল্লাহ ডেকোরেটর ব্যবসায়ী মো. নুর নবীকে (৪২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে শহরের আমিন কমপ্লেক্স মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পিচনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। 
 
এসময় জিজ্ঞাবাদের জন্য মার্কেটের সেলুন ব্যবসায়ী বাবুল শীল (৩২) ও দুজন ডেকোরেটর কর্মচারীকে আটক করা হয়। নিহত নুর নবী পাশ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে রায়পুরে ডেকোরেটর ব্যবসার সাথে জড়িত ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল আসেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা।
 
নিহতের স্ত্রী পেয়ারা বেগম জানান, তার স্বামীর সাথে গ্রামের বাড়ি ও রায়পুর বাজারে কারও সাথে কোন বিরোধ ছিলো না। তিনি দোকানের কাছে ভাড়া বাসায় মাঝে মধ্যে রাতে একা থাকতেন। গতকালও ওই বাসায় একা ছিলেন। গত চার-পাঁচ দিন আগে তার ব্যবহার করা মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে পাশ্ববর্তী সেলুন দোকানদারের সাথে কথাকাটাকাটি হয় বলে স্বামী তাকে জানিয়েছেন। ধারণা করা হচ্ছে ওই ঘটনাকে কেন্দ্র করে তারাই পরিকল্পিত ভাবে হত্যা করে।
 
লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা বলেন, বাসার জানালা ভেঙ্গে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। এসময় তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে। পরে ধারালো অস্ত্রদিয়ে গলা কেটে হত্যা করে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে।     
 
ইত্তেফাক/এমআই