রৌমারী সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের রাস্তাটিতে গভীর খাদের সৃষ্টি হওয়ায় যানবাহন ও জনসাধারণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বলার পরও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
গ্রামবাসী জানান, দীর্ঘদিন পর এ রাস্তাটি সংস্কার করা হলেও তা কয়েকদিনের মধ্যেই আবারো গভীর খাদের সৃষ্টি হয়। ফলে রাস্তাটি যানবাহন ও জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উত্তরপাড়া গ্রামে ডিসি রাস্তা সংলগ্ন সৌরভউল্লার বাড়ি থেকে পশ্চিমে আব্দুল মান্নানের বাড়ি পর্যন্ত মাত্র ৩শ’ গজ রাস্তার বেহাল দশা। ইতোমধ্যেই ওই রাস্তাটি দিয়ে জনসাধারণের যাতায়াত বন্ধ হয়ে গেছে। পাশেই বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ব্র্যাকের একটি অফিস থাকলেও রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে না। উত্তরপাড়া গ্রামের আছকের আলী ও আবুল কালাম বলেন, কতবার যে চেয়ারম্যান ও মেম্বারদের বলছি আমাদের এ রাস্তাটি মেরামতের জন্য। তারা কোনো নজর দেন না। রাস্তাটি মেরামতসহ একটি গাইডওয়াল নির্মাণ করা জরুরি।
এ ব্যাপারে রৌমারী সদর ইউপি সদস্য রবিউল করিম বলেন, এর আগে মাটিকাটা হয়েছে। বৃষ্টির পানিতে সেটা আবারো ভেঙে গেছে। আগামীতে বরাদ্দ পেলে রাস্তাসহ গাইডওয়াল নির্মাণ করা হবে।
ইত্তেফাক/নূহু
