লক্ষ্মীপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৩:১৩
  
লক্ষ্মীপুরে কমলনগর উপজেলার চরমার্টিন এলাকায় মা খায়রুন নেছাকে হত্যার দায়ে ছেলে হারুন অর রশিদকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। 
 
রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার একমাত্র আসামি হারুন অর রশিদ। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করছেন।
 
মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ জুলাই রাতে পারিবারিক কলহের জের ধরে মা খায়রুন নেছাকে কুপিয়ে হত্যা করেন ছেলে হারুন অর রশিদ। পরে মা খায়রুন নেছার লাশ টয়লেটের ভেতরে গুম করে রাখেন তিনি। এ ঘটনায় নিহতের মেয়ে মিনারা বেগম বাদী পরের দিন ১৮ জুলাই রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় হারুন অর রশিদকে আসামি করা হয়। 
 
একই বছরে ২৯ সেপ্টেম্বর হারুন অর রশিদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় প্রদান করে। 
 
ইত্তেফাক/কেকে