নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তার পাশের ডোবা থেকে ফাহিম (২২) নামে এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ভূলতা-আড়াইহাজার সড়কের দুপ্তারা ইউনিয়নের পাল্লারাস্তা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ জানান, মঙ্গলবার পাল্লারাস্তার সালাউদ্দীনের চিংড়ি ঘের এলাকায় রাস্তার পাশে ডোবার পানিতে রিকশার নিচে চাপা পড়ে থাকা লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত ফাহিম উপজেলার মনোহরদী গ্রামের সাদিকুরের ছেলে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
তার মা হাসনারা জানান, সোমবার সকালে ফাহিম অটোরিকশা নিয়ে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ময়নাতদন্তের আগে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
ইত্তেফাক/কেকে
