গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তিন দিন নিখোঁজ থাকার পর আজগর আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার দীঘলিয়া কালিবাড়ি গ্রামের পুকুরপাড় সংলগ্ন ধান ক্ষেত থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে মর্গে পাঠিয়েছে।
নিহত আজগর আলী শেখ দীঘলিয়া কালিবাড়ি গ্রামের সোনামউদ্দিন শেখের ছেলে। তিনি গ্রামের বাড়িতে নিজের পুকুরে মাছ চাষের সঙ্গে যুক্ত ছিলেন।
আজগর আলী শেখের ছেলে উজ্জল শেখ অভিযোগ করে বলেন, ‘আমার বাবাকে দুর্বৃত্তরা অপহরণ করে হত্যা করেছে। এ ব্যাপারে আমরা হত্যা মামলা দায়ের করবো।’
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক জানান, গত ৯ জুলাই ভাঙ্গারহাট বাজারের একটি চায়ের দোকানে তাকে চা পান করতে দেখে স্থানীয়রা।তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ১০ জুলাই তার সন্ধানে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। মঙ্গলবার স্থানীয়রা তার বাড়ির পাশের পুকুরপাড় সংলগ্ন ধান ক্ষেতে লাশ দেখে পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর মূল কারণ জানা যাবে।
ইত্তেফাক/কেকে
