বগুড়ার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি

আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৮:০৫
 
বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ এখন পানিবন্দি। এসব এলাকার শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসায় উঠেছে বন্যার পানি। ফলে ক্লাস রুম ও মাঠসহ অফিস কক্ষে এখন শুধুই পানি আর পানি। বন্ধ হয়ে পড়েছে পরীক্ষা গ্রহণ সহ শিক্ষা কার্যক্রম।
 
এতে  দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থী, অভিভাবকরা। পানিতে ডুবে যাওয়ায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে একটি স্কুল কর্তৃপক্ষ বাঁশ আর টিন দিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাছেই ঘর তুলে শিক্ষা দান কার্যক্রম অব্যাহত রেখেছেন। প্রতিদিনই বাড়ছে বন্যার পানি। বন্যায় অনেক ঘরবাড়ি, ফসলী জমি, রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এবছর বন্যার কবলে পড়েছে বগুড়ার ওই তিন উপজেলা।
 
বন্যাকবলিত স্কুল ও কলেজের শিক্ষার্থী আনিসুল, রাজিয়া, মহসীন, রেজাউল সহ অন্যরা জানান, প্রতিবছরই বন্যার সময় পাঠদান ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকে। এছাড়াও বাসা বাড়িতে পানি উঠায় বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে থাকতে হয়। এতে পড়াশোনায় ব্যাঘাত হয়। এদিকে সারিয়াকান্দির চন্দবাইশা আদ বাড়িযা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ বাঁশ আর টিন দিয়ে বাঁধের পশ্চিম পাশে ক্লাসরুম গড়ে সেখানে চালাচ্ছেন শিক্ষা কার্যক্রম।
 
বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার জানান, প্রতিদিনই পানি বাড়ছে। তাই কতগুলো স্কুলে বন্যার পানি উঠেছে তার সঠিক হিসেব এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে এপর্যন্ত শতাধিক স্কুল-কলেজ ও মাদ্রাসায় পানি উঠেছে। ফলে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। বন্যার পানি নেমে গেলে শিক্ষকরা সাপ্তাহিক ছুটির দিনে অতিরিক্ত ক্লাস নেয়ার মাধ্যমে শিক্ষার্থীদের এই ক্ষতিটা পুষিয়ে দেবার জন্য নির্দেশনা ও পরামর্শ দেয়া হয়েছে। আর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমী সুপারভাইজাররা এটি মনিটরিং করবেন।
 
প্রসঙ্গত, গত ক'দিন থেকেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং মাঝারি ও ভারী বর্ষার কারণে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকায় পানি ঢুকে হাজার হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে। বাধ্যহয়ে অসংখ্য মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। শুধুমাত্র বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি গত ২৪ ঘণ্টায় ৩৮ সে.মি. বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়েছে ১৪ সে.মি.।
 
ইতোমধ্যে সরকারিভাবে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছেন। এদিকে সারিয়াকান্দির যমুনা চরের কর্ণিবাড়ি, কাজলা, চর-চালুয়াবাড়ি ও বোহাইল ইউনিয়নের নিচু এলাকার জায়গা-জমি ও বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে।
 
ইত্তেফাক/জামান