রাস্তা পুনঃনির্মাণের পর ১৫ দিন পার না হতেই দেবে গেছে

আপডেট : ১২ জুলাই ২০১৭, ০৩:২৯

ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা বাকুলিয়া এলাকায় রাস্তা পুনঃনির্মাণের পর ১৫ দিন পার না হতেই পিচ-খোয়া উঠে গেছে। রাস্তা দেবে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।

জানা যায়, প্রিয়োডিক মেইনটেনেন্স প্রজেক্টের (পিএমপি মেজর) অধীন পাঁচ কোটি টাকার একটি প্যাকেজের আওতায় চারটি গ্রুপের টেন্ডার করা হয়। একটি গ্রুপের অধীন কালীগঞ্জ উপজেলার খয়েরতলা বাকলিয়া এলাকায় রাস্তা খুঁড়ে ফেলে নতুন করে নির্মাণ করা হয়। এলাকাবাসী জানান, ঈদের কয়েক দিন আগে রাস্তার কাজ শেষ করা হয়; কিন্তু ১৫ দিন পার না হতেই অন্তত পাঁচটি পয়েন্টে পিচ-খোয়া উঠে গেছে। রাস্তা দেবে গেছে। সঠিকভাবে কাজ না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সোমবার সকালে দেবে যাওয়া স্থানগুলোতে পুনরায় খোয়া দিয়ে ভরাট করতে দেখা যায়।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান বলেন, কাজটি এখনো শেষ হয়নি, চলমান রয়েছে। অন্য কোনো জায়গায় এ অবস্থার সৃষ্টি হয়নি। এখানে কেন হলো তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা তদন্ত করে দেখবেন, কি কারণে এখানে এ অবস্থা হলো। তিনি আরো বলেন, রাস্তার ভেঙেচুরে যাওয়া অংশ ঠিকাদার মেরামত করে দিবে।

কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও বাকুলিয়া গ্রামের বাসিন্দা চুন্নু মিয়া নিম্নমানের কাজে ক্ষোভ প্রকাশ করেন। তিনি গুরুত্বপূর্ণ সড়কটি পুনরায় যথাযথভাবে করার দাবি জানিয়ে বলেন, ‘এভাবে সরকারি টাকা যেনতেন কাজ করার কোনো যুক্তি নেই। মাত্র ১৫-২০ দিন আগে রাস্তাটি করা হয়। এখনো রোলারসহ সরঞ্জাম সাইটে পড়ে আছে।’

কাজের ঠিকাদার মিজানুর রহমান মাসুম বলেন, ‘আমি চারটি পয়েন্টে কাজ করেছি। কোনো স্থানে কাজ খারাপ হয়নি; কিন্তু কালীগঞ্জের খয়েরতলা-বাকুলিয়া অংশে রাস্তার মূল বেইজ খারাপ হওয়ার কারণে বর্ষার পানি পেয়ে নষ্ট হয়েছে। আমার পাথর দিয়ে ম্যাগাডামের পর কার্পেটিং করার কথা সেটি আমি করেছি। কাজে কোনো ত্রুটি ছিল না।’

সড়ক বিভাগের যশোর অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এএসই) সুরুজ মিয়া জানান, রাস্তা যেভাবে করার কথা সেভাবেই তো হয়েছে। কেন এমন হলো তা তদন্ত করে দেখা হবে। এই রাস্তা পিএমপি মাইনর প্রজেক্টের কাজ। আমি যতদূর জানি এটা রিপিয়ার সিলকোটের কাজ ছিল। এদিকে জনরোষ থামাতে আবারো জোড়া তালি দিয়ে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

ইত্তেফাক/নূহু