আশুগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৩:৫৬
 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুম মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মাসুম সোহাগপুর গ্রামের জহিরউদ্দিন পাড়ার মো. শহিদ মিয়ার ছেলে।
 
মঙ্গলবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের কর্মকর্তারা এই অভিযান চালিয়ে তাকে আটক করে। আজ বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি দল মঙ্গলবার বিকালে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের জহিরউদ্দিন পাড়ায় ‘চিহ্নিত’ মাদক ব্যবসায়ী মাসুম মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে মাসুমের ঘর থেকে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক ও তার ভাই হানিফের ঘর থেকে ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 
 
হানিফও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে তিনি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
থানার অফিসার ইনচার্জ বদরুল আলম তালুকদার জানান, এ ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে