শুল্ক গোয়েন্দা দল আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে থাকা ল্যাপটপ ভেঙে ১ কেজি স্বর্ণ আটক করেছে। অভিনব পদ্ধতিতে স্বর্ণের বাহক সিঙ্গাপুর থেকে রাত ৯:৩০ শাহজালালে অবতরণ করেন। তাকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল বিমানের ফ্লাইট বিজি-০৮৫ অবতরণের পূর্বেই সতর্ক অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইটটি অবতরণের পরে উক্ত যাত্রীকে নজরদারিতে রাখা হয়।
গ্রিন চ্যানেল অতিক্রমের পরে তাকে চ্যালেঞ্জ করে তার সকল ব্যাগেজ পরীক্ষা করা হয়। ব্যাগেজ পরীক্ষণের এক পর্যায়ে তার কাছে থাকা ল্যাপটপ এর স্ক্যানিং ইমেজে সন্দেহজনক কিছু দেখা গেলে ল্যাপটপটি ভেঙে ৯ (নয়) পিস স্বর্ণবার উদ্ধার করা হয়। এছাড়া উক্ত যাত্রীর নিকট ৯৪ গ্রাম স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়।
স্বর্ণবারগুলো ল্যাপটপের মাদারবোর্ডের ভিতরে স্কচটেপ দিয়ে আটকানো ছিল। শুল্ক গোয়েন্দাদের নজরদারি এড়ানোর জন্য অভিনব পদ্ধতিতে ল্যাপটপের ভেতর স্বর্ণ লুকিয়ে আনা হয় মর্মে যাত্রীকে জিজ্ঞাসাবাদে জানা যায়।
যাত্রীর নাম হুমায়ূন কবির, তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হাতিনাকান্দা গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নং: BN0746244। জিজ্ঞাসাবাদে হুমায়ূন কবির আরো জানান, সিংগাপুরে তিনি নির্মানকাজের চাকরি করেন।
উক্ত স্বর্ণবার এবং অলঙ্কারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৯ লাখ টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
