সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৪ টি চালের দোকান ভস্মীভূত

আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১১:৪৭
 
নীলফামারীর সৈয়দপুরে বৃহস্পতিবার সকাল ৯টায় অগ্নিকাণ্ডে চারটি চালের দোকান মালামালসহ পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
 
এসময় দোকানে থাকা চাল, আটা, চিনি ও মনোহারী মালামাল ও নগদ অর্থ পুড়ে যায়। খবর পেয়ে প্রথমে সৈয়দপুর দমকল বাহিনী ঘটনাস্থলে আগুন নেভানোর সময় পাশের উত্তরা ইপিজেড ও তারাগঞ্জ দমকল বাহিনীর ৩টি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
সৈয়দপুর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, আগুনের শর্ট সার্কিট হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি যথাসময়ে দমকল বাহিনী আসায় পুরো বাজার আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডের পর সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার আহমেদ মাহবুব-উল ইসলাম, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
 
ইত্তেফাক/কেকে