বছরের প্রথম ছয় মাসে উত্তর কোরিয়ার সাথে চীনের বাণিজ্য আগের বছরের তুলনায় ১০.৫ শতাংশ বেড়েছে। উত্তর কোরিয়ার ওপর আর্থিক চাপ প্রয়োগে বেইজিংয়ের প্রতি যুক্তরাষ্ট্রের আহবানের প্রেক্ষিতে বাণিজ্যের এ পরিমাণ বেড়েছে। বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানান।
শুল্ক বিভাগের মুখপাত্র হুয়াং সংপিং জানান, আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া উত্তর কোরিয়ার বছরের প্রথম ছয় মাসে রপ্তানি ২৯.১ শতাংশ বাড়লেও একই সময়ে দেশটি থেকে বেইজিংয়ের আমদানি ১৩.২ শতাংশ কমে গেছে। হুয়াং জানান, মার্চ মাস থেকে প্রতি মাসে উত্তর কোরিয়া থেকে চীনের আমদানি অনেক কমেছে।
তিনি জোর দিয়ে বলেন, উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচি প্রশ্নে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে বেইজিং জাতিসংঘ আরোপিত অবরোধ জোরদার করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচির লাগাম টেনে ধরতে দেশটির ওপর কূটনৈতিক ও আর্থিক চাপ প্রয়োগে বেইজিংয়ের প্রতি আহবান জানানোর পর দু’দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে।
ট্রাম্প ৫ জুলাই টুইটারে এক বার্তায় বলেন, ‘চীন ও উত্তর কোরিয়ার মধ্যে বছরের প্রথম তিন মাসে প্রায় ৪০ শতাংশ বাণিজ্য বেড়েছে। উল্লেখ্য, উত্তর কোরিয়া গত সপ্তাহে আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালানোর পর আঞ্চলিক উত্তেজনা বেড়ে গেছে। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির
