ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৯:৫৮
 
অবশেষে ভোলার অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ২২ ঘণ্টা পর ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা মালিক সমিতির অফিসে সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন।
 
এ ঘোষণায় ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস যাত্রীদের মনে স্বস্তি ফিরে এসেছে। দুপুর থেকেই ভোলার সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে।বুধবার ভোলার লালমোহন উপজেলা শ্রমিক লীগ সভাপতি জাকির পঞ্চায়েত কর্তৃক বাস চালক মামুনকে মারধরের প্রতিবাদে বুধবার দুপুর ২টা থেকে ভোলার সকল রুটে বাস ধর্মঘট শুরু করে শ্রমিক ইউনিয়ন। বুধবারের সেই ঘটনায় বাসের ড্রাইভার হারুন বাদী হয়ে জাকির পঞ্চায়েত, বদরুজ্জামান বাদল, নয়ন ও সেলিমসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামী করে ভোলার লালমোহন কোর্টে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
 
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ভোলা জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খাজা মহিউদ্দিন শাকিল জানান, আমরা বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর এবং বিভিন্ন সময়ে বাস থেকে চাঁদা দাবি করার প্রতিবাদে যে কর্মসূচী দিয়েছি তা সাময়িকভাবে তুলে নিচ্ছি। বুধবারের ঘটনায় জাকির হোসেন পঞ্চায়েতসহ এর সাথে জড়িতদের গ্রেফতার করে সুষ্ঠু বিচার না করা হলে আমরা আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিবো।
 
সংবাদ সম্মেলনে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে বাস মলিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, বাস ভাঙচুর ও শ্রমিককে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের যে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে তা আমরা ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের কথায় সাময়িক প্রত্যাহার করে নিলাম। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ভোলায় এসে বাস ভাঙচুর, শ্রমিককে মারধরের ঘটনা সুষ্ঠু সমাধান করে দিবেন। আমরা তার কথায় আশ্বস্ত হয়ে ধর্মঘট প্রত্যাহার করেছি। কিন্তু যদি এর সঠিক সমাধান করা না হয় তাহলে আমরাও শ্রমিক ইউনিয়নের সাথে একাত্মা প্রকাশ করে পুনরায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিতে বাধ্য হব। উল্লেখ্য, অভিযুক্ত জাকির পঞ্চায়েত সাংসদ শাওনের চাচাত ভাই।
 
ইত্তেফাক/জামান