সিলেটের এমসি কলেজ হোস্টেলে আবারো ভাঙচুর

আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২২:২৭
 
সিলেটের এমসি কলেজ হোস্টেলে বৃহস্পতিবার ফের হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় হোস্টেলের ৪ ও ৫ নম্বর এবং শ্রীকান্ত ব্লকে ভাঙচুর চালায় তারা।ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।
 
গত বুধবার এমসি কলেজ ছাত্রলীগের টিটু চৌধুরীর গ্রুপ ও সঞ্জয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে মনোমালিন্য ও বাকবিতণ্ডা হয়। পরে রাতে সঞ্জয় গ্রুপের কর্মীরা টিটু চৌধুরীর বিরুদ্ধে মিছিল বের করে। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে টিটু গ্রুপের অনুসারীরা আগ্নেয়াস্ত্র, চাইনিজ কুড়াল, রড, দা, হকিস্টিকসহ ছাত্রাবাসের ৪ ও ৫ নম্বর ব্লক ও শ্রীকান্ত ব্লকে সঞ্জয় অনুসারীদের লক্ষ করে হামলা চালানোর চেষ্টা করে। এসময় ছাত্রাবাসের ২০-২২টি কক্ষ সহ দরজা-জানালা ভাঙচুর করে। এতে, সাধারণ ছাত্ররা ভীত হয়ে পড়েন।
 
শাহপরাণ থানার ওসি আখতার হোসেন জানান, ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের আধিপত্যের জেরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
উল্লেখ্য, এর আগে ২০১২ সালের ৮ জুলাই রাতে ছাত্রলীগ ও ছাত্রশিবির মধ্যকার সংঘর্ষের সময় আগুনে পুড়িয়ে দেয়া হয় কলেজের ছাত্রাবাসের ৩টি ব্লকের ৪২টি কক্ষ। এ সময় দেশ-বিদেশে অবস্থানরত ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের ছাত্ররা ক্ষোভে ফেটে পড়েন এবং নিন্দা জানান। অনেকেই বলেন পূর্বতন ঘটনার মূল হোতারা ধরা না পড়ায় এখনো ভাঙচুরের সংস্কৃতি অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/জামান