টাকা আত্মসাতের অভিযোগে পূর্বধলায় গ্রেফতার ১

আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১৯:৪৯
 
নেত্রকোনার পূর্বধলায় চেক জালিয়াতির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের একাউন্ট থেকে ২৪ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আতিকুল ইসলাম খান নামে এক অফিস সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
আতিকুল পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কাজ করতো। শুক্রবার বিকেলে আটক করেছে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আতিকুলের বাড়ি উপজেলার নারানন্দিয়া ইউনিয়নের ইয়ারন গ্রামে।
 
পূর্বধলা থানার ওসি অভিরঞ্জন দেব জানান, সাবেক উপজেলা নির্বাহী অফিসার নূর হোসেনের কর্মকালীন সময়ে সোনালী ব্যাংক পূর্বধলা শাখায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরিচালিত দুটি চলতি একাউন্ট থেকে সাতটি চেকের মাধ্যমে ওই নির্বাহী অফিসার কর্তৃক চেক স্বাক্ষরের পর চেকের ফাঁকা জায়গায় অতিরিক্ত টাকার অঙ্ক বসিয়ে আতিকুল ২৪ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন।
 
এ ঘটনায় গত ৪ জুলাই মঙ্গলবার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে বাদী হয়ে আতিকুলের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ এনে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন।
 
মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত আতিকুল ইসলাম খান পলাতক ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সুনীল কুমার দাস বিকেল আড়াইটার দিকে উপজেলার শ্যামগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আতিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নেত্রকোনা জেলা ডিবি কার্যালয়ে পাঠানো হয়।
 
ইত্তেফাক/জামান