তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে দেশটির সরকার। গত বছরের ১৫ জুলাই রিসেপ তায়িপ এরদোয়ানের সরকার উৎখাতে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থান করে।
শনিবার অভ্যুত্থানের বার্ষিকী উদযাপনে বিশাল র্যালির আয়োজন করা হবে। অভ্যুত্থানের দিন যে সময়ে পার্লামেন্টে বোমা হামলা করা হয়েছিল, ঠিক সেই সময়ে ভাষণ দেবেন এরদোয়ান। দিনটিকে বাৎসরিক ছুটির দিন ঘোষণা করা হয়েছে। এরদোয়ান ইস্তাম্বুলে বসফরাস সেতুতেও ভাষণ দেবেন। এই সেতুর সামনে অভ্যুত্থানকারী সেনাদের মুখোমুখি হয়েছিল এরদোয়ান সমর্থকরা। সেখানে শহীদ স্মৃতির উদ্দেশ্যে স্মারক উন্মোচন করা হবে।
সেই অভ্যুত্থানে ২৬০ জন নিহত হয়, আহত হয় ২১শ৯৬ জন মানুষ। অভ্যুত্থানের পরে তুরস্ক সরকার ১লাখ ৫০ হাজার সরকারি কর্মচারীকে চাকরীচ্যুত করেছে। তুরস্ক সরকারের দাবি অভ্যুত্থানকারীদের মূল উৎপাটনে এই পদক্ষেপ প্রয়োজনীয় ছিল। তবে চাকরিচ্যুতির পাশাপাশি দেশজুড়ে ৫০ হাজার ব্যক্তির গ্রেফতারের ঘটনা তার বিরোধীদের আরো শক্তিশালী করেছে।
গত সপ্তাহে ইস্তাম্বুলে এরদোয়ান বিরোধী ‘জাস্টিস মার্চে’ হাজারো মানুষ অংশগ্রহণ করে। এর আয়োজক বিরোধী দলীয় নেতা গত বছরের অভ্যুত্থানের সমালোচনা করেন, কিন্তু একই সঙ্গে অভ্যুত্থান পরবর্তী এরদোয়ানের কর্মকাণ্ডকে দ্বিতীয় অভ্যুত্থান বলে অভিহিত করেন। এরদোয়ান বিক্ষোভকারীদের জঙ্গিবাদের সমর্থনকারী অভিহিত করেন। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
