খানাখন্দে ভরা ফুলবাড়ীয়া ভালুকজান সড়ক

আপডেট : ১৬ জুলাই ২০১৭, ০৪:১১


ফুলবাড়ীয়া আছিম সড়কের ভালুকজান ব্রিজ থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত সড়কটির ইট সুরকি উঠে গেছে অনেক আগেই। ইট সুরকি উঠে সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে সড়কটি পরিণত হয় ডোবায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে নিত্যদিনের ভোগান্তিতে পড়েছে দক্ষিণাঞ্চলের ছয় ইউনিয়নের মানুষ।

ফুলবাড়ীয়া আছিম সড়কটি সড়ক ও জনপথ বিভাগের। সড়ক ও জনপথ বিভাগ সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় ভালুকজান বাজার ব্রিজ থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত প্রায় দুই কি.মি সড়কের ইট সুরকি উঠে গেছে। উপজেলার দক্ষিণাঞ্চলের এনায়েতপুর, ভবানীপুর, আছিম পাটুলী, কালাদহ, বাকতা, রাঙামাটিয়া ও নওগাঁও ইউনিয়নের মানুষ এ সড়ক দিয়ে প্রতিদিন উপজেলা সদরে চলাচল করে। ভাঙা সড়কের ভালুকজানে ফায়ার সার্ভিস অফিস। কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি অতি দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছতে পারছে না।  উপজেলা নির্বাহী অফিসার জানান, সমন্বয় কমিটির সভায় সড়কটি সংস্কারের জন্য বার বার তাগিদ দেওয়া হলেও কোনো কাজ হচ্ছে না। তবে সামনের সমন্বয় কমিটির সভায় তিনি বিষয়টি আবারও উপস্থাপন করবেন বলে জানান।

ইত্তেফাক/নূহু