ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের দুই সদস্যবিশিষ্ঠ একটি দল আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
এই দুই সদস্য হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মতিউর রহমান শরিফ ও উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক হাসানুর রহমান হাসান।
এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সোহাগ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কি কি সমস্যা রয়েছে সে বিষয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করা হবে। আর পর্যবেক্ষণকারী দলের রিপোর্টের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কমিটির ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারা যদি মনে করেন নতুন কমিটির প্রয়োজন তাহলে নতুন কমিটি আসবে অন্যথায় পুরাতন কমিটি আবার চালু করা হবে।
উল্লেখ্য, নিজেদের মধ্যে বিভিন্ন সময়ের সংঘর্ষ, দলীয় শৃংখলাভঙ্গসহ নানা অনিয়মের দায়ে গত ৪ মে রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
ইত্তেফাক/নূহু
