বিনোদন রিপোর্ট
কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চু মারা যাওয়ার পর ব্যান্ড ‘এলআরবি’ নিয়ে অনেক উদ্বেগ দেখা গেছে। ব্যান্ডের এখনকার ভোকালিস্ট কে হবেন তা নিয়ে একটা অপেক্ষা ছিল সবার। অবশেষে সেই ঘোষণা দেওয়া হলো ব্যান্ড থেকে। গতকাল এলআরবির ২৮তম জন্মদিনে এলআরবির সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম। রাজধানীর একটি রেস্টুরেন্টে এলআরবির জন্মদিনের অনুষ্ঠান থেকেই ঘোষণা করা হয়, এখন থেকে এই ব্যান্ডের ভোকাল বালাম। এই অনুষ্ঠানের উপস্থিত ছিল ব্যান্ডটির সদস্যরা। আরও উপস্থিত ছিলেন ফুয়াদ নাসের বাবু, এলিটা করিম প্রমুখ। অনুষ্ঠানে ভোকাল হিসেবে বালামের নাম ঘোষণা করা হয়। বালাম বলেন, ‘এলআরবি একটা বড় নাম। সবাই মনে রাখবে এই ব্যান্ডটিকে। আমাদের লিজেন্ড বাচ্চু ভাই। আপনাদের কাছে অনুরোধ, কেউ আমাকে বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট ভাববেন না। বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট সম্ভব না। আমি বালাম কোনো দিনও বাচ্চু ভাইয়ের মতো হতে পারব না। আমি চেষ্টা করব এলআরবিকে সাপোর্ট দিনে। আপনাদের ভালোবাসা চাই।’ এলআরবির ম্যানেজার শামীম বলেন, ‘বাচ্চু ভাইয়ের তৈরি করা এলআরবি আমরা আমাদের চালু রেখেছি। বাচ্চু ভাইয়ের ভালোবাসা নিয়েই এগিয়ে যাচ্ছি আমরা।’
০
