যশোরের কেশবপুর উপজেলা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অভিনেত্রী শাবানার স্বামী চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ওয়াহিদ সাদিক নৌকার প্রার্থী হতে চলেছেন বলে জানা যাচ্ছে। এজন্য মঙ্গলবার যশোরে গ্রামের বাড়িতে এক অনুষ্ঠানে স্বামীর প্রার্থিতার পূর্বাভাসের অংশ হিসেবে শাবানা 'জয়বাংলা' শ্লোগান দিয়েছেন।
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা গ্রামে নিজেদের বাড়ির আঙিনায় বিনামূল্যে শিশুদের কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শাবানা-সাদিক দম্পতি। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন বড়েঙ্গা উত্তরপাড়া জামে মসজিদের উপদেষ্টা ওয়াহিদ সাদিকের চাচা সাবেক সংসদ সদস্য আব্দুল হালিম। অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সংসদের সভাপতি মিশা সওদাগর এবং ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান বক্তব্য রাখেন।
শাবানা তার বক্তৃতায় বলেন, 'কেশবপুর আমার শ্বশুরবাড়ি। আপনারা আমার আত্মীয়। আমি আনন্দিত আপনাদের উপস্থিতি দেখে। আপনারা আমাদের সাথে থাকলে আর কিছু লাগবে না।' 'জয়বাংলা' বলে তিনি বক্তব্য শেষ করেন। এ সময় মিশা সওদাগর বলেন, 'দুলাভাই' নির্বাচনে দাঁড়ালে শিল্পী দিয়ে কেশবপুর ভরে দেব।' ওয়াহিদ সাদিক বলেন, 'বড়েঙ্গা এখনও অবহেলিত। আমার গ্রামকে দেখার মতো করে সাজাব। আমি আপনাদের পাশে থাকতে চাই।'
পরে ওয়াহিদ সাদিক সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, 'চিত্রপরিচালক আজিজুর রহমানের চিকিৎসা সহায়তার জন্য আমরা শিল্পীরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম। তিনি শাবানাকে নির্বাচনে দাঁড়াতে বললে শাবানা নির্বাচন করবেন না বলে জানান। এসময় প্রধানমন্ত্রী আমাকে প্রার্থী হতে বলেন। আমি তার তার ব্যবহারে এতটাই মুগ্ধ যে তার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ নির্বাচন করব।' তিনি আরও বলেন, 'দুদিন পর প্রধানমন্ত্রী আমাদের ইফতার পার্টিতে ডাকেন এবং সেখানেও নির্বাচনের কথা বলেন। সেখানে পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আমাকে বলেছেন 'আমি সব জানি।' তিনি আরও বলেন, ’প্রধানমন্ত্রী এমপি নির্বাচন করার সিগনাল দিয়েছেন।'
উল্লেখ্য, ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকে 'রাজনীতিতে শাবানা' শিরোনামে শাবানার সম্ভাব্য অভিষেকের সর্বপ্রথম রিপোর্ট ছাপা হয়। এরপর 'রাজনীতিতে আসার পূর্বাভাস, যশোরের বড়েঙ্গা গ্রামে নতুন বাড়িতে শাবানা দম্পতি' শিরোনামে একই বছরের ২৮ ডিসেম্বর আরেকটি সংবাদ ইত্তেফাকে প্রকাশিত হয়। এসব রিপোর্টে রাজনীতির মাঠে শাবানা দম্পতি আসছেন বলে পূর্বাভাস দেয়া হয়।
ইত্তেফাক/জামান
