মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া রাজারাম ইন্সটিটিউশনে ছাত্রদের বখাটেপনা প্রতিরোধ করায় ছাত্রের হামলায় শিক্ষক আহত হয়ে রাজৈর হাসপাতালে ভর্তি হয়েছেন। শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলমান পরীক্ষা বর্জন করেছে। এ ঘটনা ছড়িয়ে পড়লে উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষক বিক্ষোভে ফেটে পড়ে।
বিদ্যালয় সূত্র ও আহত শিক্ষক জানান, মাদারীপুরের জেলা প্রশাসক মো. অহিদুল আলম সোমবার সকালে রাজৈর উপজেলার খালিয়া রাজারাম ইন্সটিটিউশনে পরিদর্শনে আসেন। এ সময় তিনি বিদ্যালয়ের মূল ফটকে কিছু বখাটে ছেলেদের আনা গোনা দেখতে পেয়ে শিক্ষকদের বলেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখাটেদের সরানোর জন্য শিক্ষকদের নির্দেশ দিলে অত্র বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক কাশি নাথ মৃধা এগিয়ে যান এবং বখাটেদের বিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করার জন্য বলেন। এ অবস্থায় সবাই চলে গেলেও দশম শ্রেণির ছাত্র আজিম মোল্লা না গিয়ে দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে আজিম মোল্লার স্কুলব্যাগ তল্লাশি করে তাকে দ্রুত সরিয়ে দেয়া হয়।
সূত্র জানায়, বিকেলে পরীক্ষা শেষে বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক কাশি নাথ মৃধা অন্যান্য শিক্ষকদের সাথে ভ্যান যোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আজিম মোল্লা উক্ত শিক্ষকদের পথরোধ করে ওই শিক্ষকের ওপর হামলা চালিয়ে আহত করে চলে যায়। পরে স্থানীয়রা শিক্ষককে উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করে। রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জীব কুমার বালা জানান, ন্যক্কার জনক ঘটনা শুনেছি, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এঘটনার তীব্র নিন্দা করে রাজৈর উপজেলা শিক্ষক সমিতর সাধার সম্পাদক মাহাবুব শিকদার বলেন, 'দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমরা শিক্ষক সমাজ বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হবো। রাজৈর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/জামান
