ভাঙ্গায় অগ্নিকাণ্ডে ২৫ দোকান ভস্মীভূত

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৩:১০
 
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের পুখুরিয়া বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি মার্কেটে মঙ্গলবার দিবাগত গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ২৫টি দোকানসহ মালামাল পুড়ে যায়। প্রাথমিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমান দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। 
 
রাত ১১টায় লাগা অগ্নিকাণ্ড দমকল বাহিনীর ৩টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সংবাদ পেয়ে রাতেই উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী ফয়সাল আহম্মেদসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌছান।
 
দমকল বাহিনীর ভাঙ্গা উপজেলা ইনচার্জ শ্রীবাস বাড়ৈ বলেন, পুখুরিয়া-সদরপুর ফিডার সড়কের পাশে গড়ে ওঠা মার্কেটে রাতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি। এই মধ্যে ফরিদপুর জেলা সদর ও মুকসুদপুর উপজেলা থেকে আরো ২টি দমকল বাহিনীর ইউনিট এসে আমাদের সঙ্গে যোগ দেয়। প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হই। 
 
আগুনে মার্কেটির কসমেটিক দোকান, টায়ার-টিউবের দোকান, মোটর গ্যারেজ, ফলের দোকান, ওষুধের দোকান, ইলেকট্রিক দোকান, স্টুডিও, পানের আড়ৎ, কাপড়ের দোকান, রং এর দোকানসহ খাবারের হোটেল পুড়ে যায় বলে তিনি জানান।
 
ইত্তেফাক/কেকে