স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আসন্ন ঈদুল আজহায় রাস্তায় পশু কোরবানি করা যাবে না।
বুধবার সচিবালয়ে ঈদুল আজহার কোরবানির পশু জবাই করা এবং দ্রুত বর্জ্য অপসারণের লক্ষ্যে সিটি করপোরেশনের কর্মপরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এবার সরকার সিটি করপোরেশন ও পৌরসভা ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও নির্ধারিত স্থানে পশু কোরবানির উদ্যোগ নেয়া হয়েছে।
সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সিলিনা হায়াৎ আইভি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র শরফুদ্দীন আহম্মেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব ইকরামুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, গত বছর কোরবানির পশু জবাইয়ের জন্য ১১টি সিটি কর্পোরেশন ও ৫৪ টি জেলা সদর পৌরসভায় মোট ৬ হাজার ২৫১টি স্থান নির্ধারণ করা হয়েছিল। ওই বছর নির্ধারিত এলাকার আওতায় পশু কোরবানির সংখ্যা ছিল মোট ৭ লাখ ৩৬ হাজার ৩২টি এবং এক্ষেত্রে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির কার্যক্রম ৭৩ শতাংশ বাস্তবায়িত হয়।
ইত্তেফাক/ইউবি
