নাচোলে চিকিৎসকের ভুল অপারেশনে রোগীর মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০১৭, ২১:৩৮
 
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চিকিৎসকের ভুল অপারেশনে নাহিদা (১৪) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। নাহিদা নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বাইপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
 
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে নাহিদার পেটের পিড়া দেখা দিলে তার পরিবার ওই দিন সন্ধ্যায় নাচোল জননী ক্লিনিকে ভর্তি করে।এসময় ক্লিনিকে থাকা ডা. মাসুদ রানা রোগীটির এপেন্ডিসাইটিস হয়েছে বলে জানান। তিনি রোগীর পরিবারকে বলেন দ্রুত অপারেশন না করা হলে নাড়ি বাস্ট হয়ে রোগী মারা যাবে।
 
এসময় রোগীর পরিবার দ্রুত অপারেশনের অনুমতি দিলে ডা. মাসুদ রানা রোগীটির অপারেশন করেন। বুধবার বিকেলে রোগীটির অবস্থা আশঙ্কাজনক হলে তার পরিবার দ্রুত নাচোল মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রোগীটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
 
এ ব্যাপারে নাচোল জননী ক্লিনিকের ডা. মাসুদ রানার সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে ক্লিনিকের এমডি ও ম্যানেজার মোবাইল ফোন বন্ধ করে গাঢাকা দিয়েছে। তবে নাচোল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মৃতের পরিবার এখন পর্যন্ত অভিযোগ দেয়নি তবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/জামান