গাজী ক্রিকেটার্সের চতুর্থ জয়
স্পোর্টস রিপোর্টার
অনভিজ্ঞতার পরও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এবার বড় দলগুলোর সঙ্গে ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়েছে বিকেএসপি। দুটি ম্যাচও জিতেছে তারা। তবে গতকাল ফতুল্লায় কঠিন বাস্তবতার মুখে পড়তে হয়েছে বিকেএসপির তরুণদের। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে মাত্র ৫০ রানে অলআউট হয়ে গেছে বিকেএসপি।
জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে, টি-২০ খেলা ডানহাতি পেসার আল-আমিন হোসেন বল হাতে বিভীষিকা ছড়ালেন বিকেএসপির ব্যাটিং লাইনে। ২০ রানে পাঁচ উইকেট নিয়ে তিনিই ম্যাচটা একপেশে করে দিয়েছেন। যার ফলে গতকাল ফতুল্লায় বিকেএসপির বিরুদ্ধে ১৭২ রানের বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক। নয় ম্যাচে এটি তাদের সপ্তম জয়। আট জয় নিয়ে তাদের আগে আছে আবাহনী, রূপগঞ্জ।
বিকেএসপিতে প্রিমিয়ার লিগে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। গতকাল ব্রাদার্স ইউনিয়নকে ৯ রানে পরাজিত করেছে ইমরুল কায়েসের দল। ব্রাদার্সের এটি সপ্তম হার।
ফতুল্লায় বিকেএসপির টার্গেট ছিল ২২৩ রান। কিন্তু ২২ ওভারে ৫০ রানে অলআউট হয়ে দলটি। ঢাকা প্রিমিয়ার লিগে এটাই কোনো দলের সবচেয়ে কম স্কোর। ২০১৩ সালে প্রিমিয়ার লিগে আবাহনীর বিরুদ্ধে ৩৫ রানে গুটিয়ে গিয়েছিল ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। ২০১৭ সালে ফতুল্লায় ভিক্টোরিয়ার কাছে ৪৬ রানে অলআউট হয়েছিল খেলাঘর। অবশ্য বাংলাদেশের মাটিতে লিস্টে ক্রিকেটে সর্বনিম্ন স্কোর ৩০ রান। ২০০২ সালে সিলেটের বিপক্ষে এই রানে অলআউট হয়েছিল চট্টগ্রাম বিভাগ।
বিকেএসপির পক্ষে পারভেজ হোসেন ১৫ রান করেন। আর কেউ দুঅঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি। গাজী ক্রিকেটার্সের আল-আমিন হোসেন ম্যাচ সেরা হন।
এর আগে আট উইকেটে ২২২ রান করতে সমর্থ হয় প্রাইম ব্যাংক। অভিমন্নু ৯২, নাহিদুল ৫০, বিজয় ২৩, আল-আমিন ১৭, নাঈম হাসান ১৫, রাজ্জাক অপরাজিত ১৩ রান করেন। বিকেএসপির সুমন খান, হাসান মুরাদ, নওশাদ দুটি করে উইকেট পান।
বিকেএসপিতে আগে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২০৬ রানে অলআউট গাজী ক্রিকেটার্স। কামরান গুলাম ৮১, মেহেদী হাসান ৪৮, শামসুল ইসলাম ২২ রান করেন। ব্রাদার্সের সাজেদুল চারটি, মেহেদী হাসান ও শরীফ দুটি করে উইকেট নেন। জবাবে ৪৮.৫ ওভারে ১৯৭ রানে গুটিয়ে যায় ব্রাদার্স। ১৪ রানে শেষ চার উইকেট হারায় দলটি। জুনায়েদ ৭২, ফজলে মাহমুদ ৩১, ইয়াসির আলী ৩০, মিজানুর ২৫ রান করেন। গাজী ক্রিকেটার্সের নাসুম আহমেদ পাঁচটি, সঞ্জিত সাহা তিনটি উইকেট পান। নাসুম ম্যাচ সেরা হন।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-বিকেএসপি
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২২২/৮ (অভিমন্নু ৯২, নাহিদুল ৫০, বিজয় ২৩, আল-আমিন ১৭, নাঈম হাসান ১৫, রাজ্জাক ১৩*; হাসান মুরাদ ২/৩৫, নওশাদ ইকবাল ২/৩৭, সুমন খান ২/৪১) ।
বিকেএসপি: ২২ ওভারে ৫০ (পারভেজ হোসেন ১৫, আব্দুল কাইয়ুম ৭, ফাহাদ আহমেদ ৫; আল-আমিন ৫/২০, নাঈম হাসান ২/৬, রাজ্জাক ১/০, মনির হোসেন ১/১৫) ।
ফলাফল: প্রাইম ব্যাংক ১৭২ রানে জয়ী।
গাজী গ্রুপ ক্রিকেটার্স-ব্রাদার্স ইউনিয়ন
গাজী ক্রিকেটার্স: ৪৯.৪ ওভারে ২০৬ (কামরান গুলাম ৮১, মেহেদী হাসান ৪৮, শামসুল ইসলাম ২২, শামসুর ১২, কামরুল ইসলাম রাব্বি ১১; সাজেদুল ৪/৫৪, মেহেদী হাসান ২/২৬, শরীফ ২/৪৭, শরীফউল্লাহ ১/২, বিশ্বনাথ হালদার ১/৩২)।
ব্রাদার্স: ৪৮.৫ ওভারে ১৯৭ (জুনায়েদ ৭২, ফজলে মাহমুদ ৩১, ইয়াসির আলী ৩০, মিজানুর ২৫, সাজেদুল ১৩; নাসুম ৫/৪৯, সঞ্জিত সাহা ৩/৪৫, কামরান গুলাম ১/২৯, কামরুল ইসলাম রাব্বি ১/২৯)।
ফলাফল: গাজী ক্রিকেটার্স ৯ রানে জয়ী।
