‘সাকিব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ’

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২১:২৭

স্পোর্টস রিপোর্টার

একাদশে নিয়মিত সুযোগ না দিলেও সাকিব আল হাসানের প্রশংসায় এক বিন্দুও ছাড় দিচ্ছে না সানরাইজার্স হায়দারাবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দলটির মেন্টর্স ভিভিএস লক্ষ্মণ যেমন বলেই দিলেন যে, সাকিব তাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন।

সাকিব এখন অবধি চলতি আইপিএলে খেলতে পেরেছেন মাত্র একটা ম্যাচ। যদিও, এরই মধ্যে চারটি ম্যাচ খেলে ফেলেছে হায়দারবাদ। সাকিব তো বটেই, সুযোগ পাচ্ছেন না কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিলরাও। সাকিবের মতো কেন উইলিয়ামসনও খেলেছেন মাত্র একটা ম্যাচ। অথচ, গত মৌসুমেও ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে দলটির নেতৃত্বও দিয়েছিলেন উইলিয়ামসন। খুব বেশি কিছু করারও নেই, কারণ একাদশে খেলতে পারেন মাত্র চারজন বিদেশি।

তবে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়তি মেনে এখন তিনি একাদশের বাইরে। লক্ষ্মণ মনে করেন সেরা কম্বিনেশনের খোঁজেই সাকিব-উইলিয়ামসনদের জায়গা হচ্ছে না একাদশে। কিংবদন্তি এই ক্রিকেটার একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেন, ‘সবাই খেলতে চায়, পারফরম করতে চায়। আমরা সব সময় সেরা একাদশটাই খুঁজে বের করতে চেষ্টা করি।’

বিশেষ করে সাকিবকে তিনি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মানছেন। বললেন, ‘সাকিব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু আমাদের জন্যই নয়, ও বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার। ওর সাথে কাজ করতে পারাটাই আমাদের জন্য সম্মানের ব্যাপার।’

লক্ষ্মণ মনে করেন, সাকিব-উইলিয়ামসনদের দলের বাইরে থাকাটা হতাশাজনক। তবে, পেশাদার ক্রিকেটে এটা হতেই পারে বলে মনে করছেন তিনি, ‘অবশ্যই এটাতে আমাদেরও খারাপ লাগে। সাকিব-উইলিয়ামসনদের মতো আন্তর্জাতিক মানের ম্যাচ উইনারদের নিয়মিত একাদশের বাইরে থাকতে হচ্ছে। কিন্তু কি-ই বা করা যাবে। আমরা তো কেবল চারজন বিদেশিকেই এক ম্যাচে খেলাতে পারবো। তবে, আমাদের সবচেয়ে ভালো ব্যাপার হলো, এদের কেউই ব্যাপারটায় নাখোশ নন। ওরা সবাই ক্রিকেট খেলতে পছন্দ করে। এটাও জানি যে, সুযোগ পেলে নিজেদের উজার করে দেবে।’